দুই দিন ধরেই গুঞ্জন রটছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নাও খেলতে পারেন তামিম ইকবাল। কোমরের ব্যথায় ভোগাচ্ছে তাকে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র দেখা যাবে না টাইগারদের ওয়ানডে অধিনায়ককে।
আজ দুপুরে মিরপুরে নেটে ব্যাটিং অনুশীলন করেছিলেন তামিম। কথা বলেছিলেন ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে। ২৫ মিনিটের সেই অনুশীলনে তামিমের অবস্থা যে খুব একটা ভালো মনে হয়নি। করেছেন ক্যাচ অনুশীলনও।
দলের একটি সূত্র থেকে জানা যায়, তামিমের শেষ পর্যন্ত এই টেস্টে খেলা হচ্ছে না। কোমরের ব্যথার তীব্রতা কমেনি বলেই এই সিদ্ধান্ত।
মঙ্গলবার (১৩ জুন) তার খেলা প্রসঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’
এ অবস্থায় এই ওপেনারকে বাদ দিয়েই টেস্টের একাদশ গড়ার সিদ্ধান্ত নিয়েছে হাথুরুসিংহের টিম ম্যানেজমেন্ট। তামিমের পরিবর্তে জাকির হাসানের সঙ্গে টেস্টে ইনিংস উদ্বোধন করতে নামতে পারেন মাহমুদুল হাসান।