ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের সাত স্বতন্ত্র

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সাত নেতা।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন মঈন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়ার সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা মোঃ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং যুবলীগ নেতা মোঃ মোখলেছুর রহমান।

মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা দলীয় চিঠি পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ছেড়ে দেয়া হয় জাতীয় পার্টির জন্য। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া জাপা মহাসচিবের চিঠি পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন। আসনটির বর্তমান সংসদ সদস্য রেজাউলের শ্বশুর জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এখান থেকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই দলের মনোনয়ন দাবি করে আসছিল এখানে। দলের মনোনয়নের জন্য এবার প্রায় দুই ডজন নেতা মাঠে তত্পর ছিলেন। কিন্তু মহাজোটের ঐক্য ঠিক রাখার স্বার্থে এবারও এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে।