কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালীতে সংরক্ষিত বনে এক বাচ্চা হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাতে খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা একাধিক আসামি দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে হাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
বনবিভাগের সূত্রমতে, গত শুক্রবার রাতে খুটাখালী বনবিটের কেশখোলা নামক এলাকায় ৯ বছর বয়সী একটি বাচ্চা বন্যহাতিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরদিন শনিবার সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণী চিকিৎসক দিয়ে হাতির চিকিৎসা চালায়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা হাতিটি মারা যায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর গুলি করে হাতিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি আমরাও খুনিকে শনাক্তে কাজ চালাচ্ছি।