সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে শনিবার দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী প্রতীকী হরতাল পালন করা হয়েছে। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হরতালের সমর্থন জানান। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর দাবিতে স্থানীয় উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ডাক দেয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শনিবার শহরের প্রধান প্রধান সড়কে পিকেটিং শুরু করে। এ সময় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে আহ্বান জানানো হয়।
মনোনয়ন প্রত্যাশী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল জানান, ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তারাও চান নীলফামারী-৪ আসনে নৌকা প্রতীক থাক। কেননা নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সর্বস্তরের মানুষেরই দাবি।
এ ব্যাপারে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানান, শহরের সড়কে সড়কে কড়া পিকেটিং হয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করাতে বাধ্য করা হয়েছে।
প্রসঙ্গত, নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম সরকার দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এদের কাউকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।