বরিশালের আগৈলঝাড়ায় বেশ কয়েক দিন থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে হাসপাতালে ভর্তি রোগী ও আউটডোরে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
বুধবার (১৪ জুন) ও বৃহস্পতিবার (১৬ জুন) দুদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে দুই বছরের আদনান, ২২ মাসের তন্ময় বিশ্বাস, সাত মাসের জান্নাত, ২৩ মাসের ইসান মালাকার, ২৬ দিনের আব্দুল্লাহ, ৬ মাসের জ্যোতিকা, ১ বছরের মরিয়ম, ১৮ মাসের রিয়া আক্তার, ১৬ মাসের অনুস্কা মিস্ত্রি, চার মাসের অংকুশ, ১ বছরের নীরব শরীফ, ১১ মাসের নিশান রায়, ১৮ মাসের রাজ বৈরাগী, ৮ মাসের আয়াত, বিউটি বেগম (৫০), মনি শংকর সরকার (৫২), যুদিষ্টি বাগচী (৪০), শংকর (৪৫) সহ ১৮ জন।
হঠাৎ করে প্রচণ্ড গরমের কারণে এই রোগ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। হাসপাতালে পর্যাপ্ত পরিমান ওষুধ থাকার কারণে রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্রুত সুস্থতা লাভ করছে।