রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
শনিবার সকালে রাজাপুরে আওয়ামী লীগের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগের মনোনীত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী বজলুল হক হারুনের নেতা-কর্মী ও মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের নেতা-কর্মীরা মানববন্ধন ও মিছিল করতে উপজেলা সদরে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এদিকে এ নিয়ে উপজেলা সদরে থমথমে অবস্থায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় উপজেলা শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফরোজা বেগম পারুল জানান, মানববন্ধন ও মিছিল করতে পূর্ব অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়েছে।