শনিবারে ক্রস-বো অর্থাৎ বিশেষ ধরনের তির-ধনুক হামলায় জার্মানিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলার পিছনে অতি ডানপন্থি কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে অনুমান কর্তৃপক্ষের। এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।
শনিবার উত্তর জার্মানিতে ২২ বছর বয়সি এই ব্যক্তির ওপর ক্রস-বো হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। হানোফার থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে লোয়ার স্যাক্সনির পেইনে ট্রেন স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, ২৯ বছর বয়সী সন্দেহভাজনের কাছে একটি বড় ছুরিও ছিলো। অফিসাররা সন্দেহভাজন অভিযুক্তকে পাকড়াও করেছেন। তাদের অনুমান, ওই ব্যক্তি ছুরি দিয়েও আঘাত করতে চেয়েছিলেন।
এক পুলিশ মুখপাত্র জানান, `আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি।' কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। কিন্তু তার পোশাক এবং সামগ্রিক চেহারার কারণে, পুলিশ খতিয়ে দেখছে যে তার কোনো অতি ডানপন্থি উদ্দেশ্য ছিল কি না। পুলিশ মনে করছে, তার এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী দানিয়েলা বেহরেন্স এক বিবৃতিতে বলেন, `সব দিক থেকে তদন্ত করার এবং এই কাপুরুষোচিত কাজের প্রেক্ষাপট স্পষ্ট করার সময় এসেছে।'
আহত ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন
পুলিশের মতে, ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তার প্রাণহানির কোনো সম্ভাবনা ছিল না।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার টুইটারে বলেন, `আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছি। এটা ভালো যে অভিযুক্ত এত তাড়াতাড়ি ধরা পড়ে গেল।'