নিউজিল্যান্ডের বিশ্বজয়ের সক্ষমতা দেখছেন ম্যাককালাম

সাবেক অধিনায়ক ব্রেন্ডর ম্যাককালাম মনে করেন, প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সক্ষমতা নিউজিল্যান্ডের আছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডে চলমান ৫০ ওভারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে নিউজিল্যান্ড।

প্রায়শই আন্ডারডগ হিসেবে পরিচিতি পাওয়া ব্ল্যাকক্যাপরা টুর্নামেন্ট ইতিহাসে এ পর্যন্ত ছয়বার সেমিফাইনাল খেলেছে। ম্যাককালামের অধীনেই কেবলমাত্র ২০১৫ আসরের ফাইনালে পৌঁছে। কিন্তু ভাগ্য সহায় না থাকায় অপরাজিত হিসেবে ফাইনালে উঠলেও মেলবোর্নের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।

দশ দলের টুর্নামেন্টে পাঁচ জয়ে ইতিমধ্যেই এবারের আসরের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কেন উইলিয়ামসনের দল। পয়েন্ট তালিকাতেও সবার ওপরে আছে দলটি। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১১। একটা ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বার্তাসংস্থা এএফপিকে ম্যাককালাম বলেন, ‘কেউ কেউ আন্ডারডগ বলেন। তবে নিউজিল্যান্ড কিভাবে খেলে সেটা তারা দেখেন না। সম্প্রচারের কারণে কখনো কখনো অন্য দলগুলোর ন্যায় তাদেরকে দেখা যায় না। যে কারণেই তারা দৃষ্টির বাইরে মানে মনের বাইরে। ঐতিহাসিকভাবেই নিউজিল্যান্ড সব সময়ই বিশ্বকাপে ভালো খেলে আসছে। আমার মনে হয় বিশ্বকাপে ম্যাচ জয়ে অস্ট্রেলিয়ার পরই আমরা দ্বিতীয় স্থানে আছি।’ ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার বনে যাওয়া কলেন ভাল শুরুর পর তার সাবেক দলটি আত্মবিশ্বাস অর্জন করছে এবং সেমিফাইনাল খেলবে। ২০১৬ সালে ম্যাককালামের অবসরের পর তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব পাওয়া উইলিয়ামসন অসাধারণ ব্যাটিং দিয়ে বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন।

তার মাস্টারক্লাস ১৪৮ রানে ভর করেই গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ রানে জয় পায় নিউজিল্যান্ড। ম্যাককালাম বলেন, ‘সে একজন চমত্কার খেলোয়াড়, একজন ভালো অধিনায়কে পরিণত হয়েছেন। নিঃসন্দেহে সে একজন মার্জিত খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। সে অনেকটা শল্যচিকিত্সকের মত। আমরা সবচেয়ে ধারাবাহিক হিসেবে জো রুট, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথদের কথা বলি সে তাদের মতোই একজন, তারা সকলেই সমান। পাওয়ার হিটারের চেয়েও তারা অনেক বড় ব্যাটসম্যান।’- বাসস