কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. নুরুন্নবী (২৭) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২০ জুন) সকালে টেকনাফ সাবরাং এলাকার নাফনদী জিন্নাহখাল থেকে তাকে আটক করা হয়। টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির জিন্নাহ খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় তাদের থামতে বলা হয়। বিজিবির টহল দলকে দেখে দু`জন পালিয়ে গেলেও নুরুন্নবীকে নৌকাসহ আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দকৃত আইস ও কাঠের নৌকাসহ আটক নুরুন্নবীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।