কুমিল্লার বুড়িচংয়ে হোস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
গ্রেপ্তার শরীফুল জেলার আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মো. আলীর ছেলে।
জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী মাদরাসার হোস্টেলে ৬ তলা ভবনের ২য় তলার থাকতো। সে হোস্টেলের যে কক্ষে থাকতো ওই কক্ষের দরজার তালা আগে থেকে ভাঙা ছিল। রাতের বেলায় দরজাটি ছিটকিনিবিহীন বন্ধ করে রাখত। ১৪ জুন রাতে মাদরাসার অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা হোস্টেলের অন্যান্য ছাত্রীরাও জেনে যায়। এতে পরদিন সকালে ভুক্তভোগী ছাত্রীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ভুক্তভোগীর বাবা বলেন, এর আগেও অধ্যক্ষ একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেছে। শিক্ষকের কাছে আমার মেয়ের ইজ্জত হারাতে হলো।
রাতে বুড়িচং থানার ওসি ইসমাইল বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েই অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হবে।