ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকা ব্রাসিলিয়ার গামা শহরে জন্মেছেন। গামা স্পোর্টস ক্লাবে তারকা ফুটবলার কাকা ট্রেনিং করেছেন—এই কথাগুলো বলছিলেন ঢাকাস্থ ব্রাজিল অ্যাম্বাসেডর জোয়াও তাবাজারা অলিভেরিয়া জুনিয়র। বাংলাদেশের যে চার কিশোর ফুটবলার ব্রাজিলে এক মাসের প্রশিক্ষণ নিতে যাবেন তাদের আনুষ্ঠানিক বিদায় দিয়েছে বাফুফে। সেখানে ব্রাজিল রাষ্ট্রদূত, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এম জে এইচ জাবেদ, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দিন, ক্রীড়া অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাজিল রাষ্ট্রদূত জানালেন আগামী দিনে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সম্পর্ক শক্ত হবে। তিনি বলেন, ‘আমি যখন ঢাকায় দায়িত্ব নিয়ে আসি, তখন মনে করেছিলাম এখানে কেউ ফুটবল ভালোবাসে না। যখন বিশ্বকাপ ফুটবল শুরু হলো তখন যেভাবে ব্রাজিলের পতাকা উড়ল, দেখে মনে হয়েছিল আমি ব্রাজিলেই রয়েছি। এখনকার মানুষের হূদয়ে ফুটবল বড় জায়গা দখল করে আছে।’
এক মাসের প্রশিক্ষণে যাচ্ছেন রংপুর পীরগঞ্জের নাজমুল হোসাইন আকন্দ ও গঙ্গাচড়ার লতিফুর রহমান নাহিদ, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উমর ফারুক মিঠু রাজশাহীর গোদাগাড়ীর যোগের লাকড়া আজ রাতে ঢাকা ছাড়বেন। সঙ্গে কোচ আব্দুর রাজ্জাক, কর্মকর্তা খন্দকার রকিবুল ইসলাম রকিব। রকিব সাবেক তারকা ফুটবলার। ১৯৭৩-৭৭ সাল পর্যন্ত মোহামেডানে, ৭৮-৮০ সাল পর্যন্ত আবাহনীতে খেলেছেন। ৭৬ সাল থেকে জাতীয় ফুটবল দলে খেলেছেন লেফট উইংব্যাক রকিব। ব্রাজিলে প্রশিক্ষণের ব্যাপারে শেখ মো. আসলাম এবং রকিব দুজনের অবদানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘ইচ্ছে ছিল এক বছর জন্য পাঠানো। কিন্তু ১৮ বছ না হলে কোনো দেশে যেতে পারে না। যেহেতু বলেছিলেন ব্রাজিলে পাঠাব, সেজন্য ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে অনেকবার সভা করে এক মাসের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়।’ তিনি জানান ভবিষ্যতে মেয়েদের পাঠানোর আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জাবেদের ফুটবলারদের প্রতি উত্সাহব্যঞ্জক আবেগঘন বক্তব্য প্রশংসিত হয়। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানান এই চারজন ফুটবলার ব্রাজিল থেকে ঢাকায় ফিরে বাফুফে ফরটিস একাডেমিতে যোগ দেবেন। বাফুফে সভাপতি বলেন, ‘এই তরুণরা হয়তো ফুটবল স্টার হবে না। তার পরও বলব ক্রীড়া মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাই মিলে ফুটবলের জন্য কাজ করছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলে সারা দেশে ৫ হাজার ৪৮৫টি দলে ১ লাখ ১০ হাজার কিশোর ফুটবলার অংশ নেয়। সেখান থেকে ৪২ জনকে বাছাই করে বিকেএসপিতে তিন মাস প্রশিক্ষণ দিয়ে চারজনকে চূড়ান্ত করে ব্রাজিল পাঠানো হচ্ছে। বিমানভাড়া এবং প্রত্যেক খেলোয়াড়কে ৬৫ হাজার টাকা পকেট মানি দিচ্ছে মন্ত্রণালয়।