বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন শান্ত

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এক কথায় তিনি ফর্মে উড়ছেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের রেকর্ড গড়া জয়ে বড় অবদান ছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। মাঠের দুরন্ত পারফর্মার নাজমুল হোসেন শান্ত’র এবার বিশ্ববিদালয় মাতানোর পালা। তিনি যে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভর্তি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটিতে।

গতকালই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তির কার্যক্রম শেষ করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে তিনি একাই নন, তার সঙ্গে গতকাল একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা, মিনহাজুল ইসলাম, আব্দুল গাফ্ফাররা। তারা সবাই মোহাম্মদপুরস্থ বিশ্ববিদ্যালয়টির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে ভর্তিফর্ম জমাদানের মাধ্যমে নিজের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেছেন নাজমুল হোসেন শান্তসহ অন্যরা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে খুবই রোমাঞ্চিত নাজমুল হোসেন শান্ত, ‘বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এত বড় ক্যাম্পাস, বিশাল খেলার মাঠ, সত্যিই খুব সুন্দর।’