নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল করছে ইসলামী আন্দোলন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২১ জুন) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়ে নির্বাচন কমিশন কর্যালয় অভিমুখে গণমিছিল বের করবে ইসলামী আন্দোলন।

কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: ফোকাস বাংলা

গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এ দিন সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল ঘিরে অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বহু নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন 'ব্যর্থ' উল্লেখ করে কমিশন বাতিলের দাবি জানান। মিছিল শুরু হওয়ার আগে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বায়তুল মোকাররমের উত্তর গেটে নেতা-কর্মীদের জমায়েত। ছবি: ফোকাস বাংলা

এদিকে গণমিছিল ঘিরে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে, পল্টন মোড়, জিরো পয়েন্টসহ আশেপাশের বিভিন্ন জায়গায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ নেতা-কর্মীদের ওপর হামলার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর)। আজকের গণমিছিল সেই কর্মসূচির অংশ।