ঐক্যবদ্ধ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে নিজের বিশাল জয় উৎসর্গ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি করপোরেশনের নগর পিতা নয়, সেবক হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়।
বুধবার (২১ জুন) ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে সিলেটের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনি প্রচারণায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করায় স্থানীয় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি আমার উন্নয়ন তৎপরতা, সেবা আর ইশতেহার ঘোষিত ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। তবে সেজন্য অবশ্যই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের স্নেহ ভালোবাসা চাই। চাই আমাদের এই আধ্যাত্মিক পুণ্যভূমিকে একটি স্মার্ট ক্লিন ও তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলতে।