কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটির স্থানে স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, বেঁকে গেছে জানালার গ্রীল। বিনষ্ট হয়ে গেছে দরজার চৌকাঠ। ফাটল দেখা দিয়েছে ব্যারাক, গ্যারেজ বিল্ডিং, অফিস কক্ষের পিলার ও দেয়ালে। এছাড়াও ভবনের ছাদ, কার্নিশসহ বিভিন্ন অংশে বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০০৬ সালের ৯ অক্টোবর এ স্টেশনটি উদ্বোধন করা হয়। কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. ইয়াছিন প্রধান জানান, ভবনের দ্বিতীয়তলায় রয়েছে কর্মকর্তাদের থাকার জায়গা ও স্টাফদের ব্যারাক। সার্বক্ষণিক আতঙ্কে বসবাস করছেন স্টেশনের ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। এ স্টেশন ভবনের ফাটলসহ জরাজীর্ণ অবস্থা সম্পর্কে ২০১৫ সাল থেকে প্রতিবছরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ২০১৭ সালে তত্কালীন চাঁদপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার সরেজমিনে জরাজীর্ণ ভবন পরিদর্শন করেন। তিনি এ ভবন জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।