স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার দুই

বগুড়ার নন্দীগ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণ পর সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২১ জুন) রাতে নন্দীগ্রাম থানায় মামলাটি দায়ের করেন নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়নের ডুবা তেঘর গ্রামের ওই তরুণীর মা।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়নের পাকুরিয়াপাড়া গ্রামের বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান (১৯) ও ডুবা তেঘর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম (১৯) সম্প্রতি ওই তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করে বিভিন্ন জনের মোবাইল ফোনে ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। 

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রাতেই মোরশেদুল ইসলাম সোহান ও মোশারফ হোসেন আদমকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।