জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়ার ফিল্ড অফিসার পরিচয় দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রভাব বিস্তারের অভিযোগে সোমবার এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আব্দুল মান্নান। সে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর এলাকার রবিউল আলমের ছেলে।
পুলিশ জানায়, ওইদিন এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করেন আব্দুল মান্নান। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করা হয়। পরে তাকে পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে মান্নান স্বীকার করেন, তিনি এনএসআই-এর ফিল্ড অফিসার নন। তার এলাকার একজন এই পদে কর্মরত রয়েছেন। তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।