সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে সরকারি খাল দখল করে ব্যবসার জন্য স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযোগ উঠেছে স্থানীয় মজিব মাস্টারের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয়রা।

স্থানীদের ভাষ্য, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন অন্দিকোট ইউনিয়নের বলিবাড়ী গ্রামের হায়দ্রাবাদ ও বলিবাড়ী সড়কের পাকা ব্রিজ সংলগ্ন খালটি দখল করে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় মজিব মাষ্টার নামের এক প্রভাবশালী ব্যক্তি। তবে তার দাবি এটি সরকারি জায়গা নয়,  তার নিজস্ব জমি।

তবে স্থানীয়দের অভিযোগ, এটি সরকারি খাল। একসময় প্রবহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। আর দখলদকারীরা প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্টা কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রভাবশালীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের অর্থের বিনিমনে ম্যানেজ করেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন।

অভিযুক্ত মজিব মাস্টার বলেন, ১৯৯১ সালে তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুরাদনগর আগমনের সময় আমার জমির ওপর দিয়ে খাল খনন করেন এবং পরবর্তীতে আমার জমির ওপর দিয়েই সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে যে খালটিতে দোকানঘর নির্মাণ করছি, সেটি আমোদের মালিকানাধীন। আর আমাদের জমিতে যা ইচ্ছা তাই করতে পারি।

আন্দিকোট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি আমি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ রেখেছি। ঊর্ধ্বতন কর্মকতাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন কাজ হচ্ছে কিনা বিষয়টি আমার জানা নেই।

মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, বর্তমানে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। দখলকারীরা বলছে তাদের ব্যক্তিগত জমি, তাই সরকারি সার্ভেয়ার ও দখলকারীদের পক্ষ থেকে আরো এক একজন সার্ভেয়ার নিয়ে অচিরেই খালের সীমানা নির্ধারণ করা হবে।