বগুড়া থেকে ছিনতাইকৃত ট্রাক রাজবাড়ীতে উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক রাজবাড়ী থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়। গ্রেফতারকৃত মো. লোকমান হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুরিয়ার গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ও তার ছেলে মো. শরিফ।

বগুড়া ডিবি পুলিশ সূত্র জানায়, গত ১০ জুন গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বিশ্বরোড থেকে নওগাঁর চালক রাব্বীকে হাত-পা বেঁধে ট্রাকটি ছিনতাই করা হয়। ঐ রাতে পুলিশ চালককে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে। পরে থানায় মামলা হলে পুলিশ ট্রাকচালক রাব্বীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুরিয়ার এলাকা থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, সোমবার বাবা-ছেলেকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।