টাইগারদের মতো মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। কারণ আসন্ন ঈদুল আজহার পরপরই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল। আর আসন্ন এ সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছে জ্যোতি বাহিনী। আর এর অংশ হিসেবেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে নারী দলের স্পিন বোলিং ক্যাম্প।
জানা গেছে, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নারী দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে দলের বোলিং কোচ দিনুকা হেত্তিয়ারাচ্চির অধীনে তিন দিনের ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। এখানে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা নতুন স্পিনাররাও অংশ নিয়েছেন।
এদিকে আগামী সিরিজটি খেলতে আগামী ৬ জুলাই ঢাকা আসবে ভারত। ৯, ১১ ও ১৩ জুলাই মাঠে গড়াবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। এরপর ১৯ ও ২২ জুলাই বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে নারীরা। আর সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এতে করে মিরপুরে প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা।