মানিকগঞ্জের সিংগাইরে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে `জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রে‘র উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
জানা যায়, স্ক্রীনিংয়ের মাধ্যম হিসেবে এইচপিভি পরীক্ষা প্রচলনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গবেষণার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর এবং নরসিংদীর রায়পুরা উপজেলাকে পাইলট এরিয়া হিসেবে নির্বাচন করা হয়েছে। পাইলট এরিয়াতে বসবাসরত প্রায় ২০ হাজার মহিলা থেকে নমুনা সংগ্রহ করে সহজ পদ্ধতিতে পরীক্ষা করা হবে। কর্মশালায় বলা হয় বর্তমানে ভায়া নেগেটিভ মহিলাদের পুনরায় ৫ বছর পর স্ক্রীনিং করতে হয়, কিন্তু এইচপিভি নেগেটিভ মহিলাদের ১০ বছরে জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে না।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী জরায়ু-মুখের ক্যান্সার পূর্বাবস্থা নির্ণয়ে ভায়া পদ্ধতির পাশাপাশি এইচপিভি পরীক্ষার ব্যবস্থা থাকলে তা আরও নির্ভুলভাবে ক্যান্সারের জীবাণুর উপস্থিতি নির্ণয় করা সম্ভব। নারীরা একবার স্ক্রীনিং কেন্দ্রে গেলে রোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন, কারণ পজিটিভ নারীদের চিকিৎসা সহজতর হবে।
কর্মশালায় জরায়ু-মুখ ক্যান্সারের প্রকটতা, এই ক্যান্সার নির্মূলে বর্তমান কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। এছাড়াও একই দিনে একটি নির্বাচিত কমিউনিটি ক্লিনিকে নমুনা সংগ্রহ করা হয়।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রকল্প প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসার উপস্থাপনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) একেএম নূরুন্নবী কবির, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, যুগ্ম সচিব (গবেষণা ও উন্নয়ন) মো. আব্দুস সালাম খান, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, বিএসএমএমইউএর উপ-উপাচার্য (উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) ডা. মো. নিজাম উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তর লাইন ডাইরেক্টর (এমএনসিঅ্যান্ডএএইচ) ডা. মাখদুমা নার্গিস, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীনসহ আরও অনেকে।