২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ২ কোটি ৬৫ লাখ টাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এ জন্য গাড়ির চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে প্রায় ৩০ হাজার যানবাহন। এতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।

সোমবার (২৬ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার (২৪ জুন) রাত ১২টা থেকে রোববার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ২৯ হাজার ৮৫৭টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৯৭৬টি এবং ঢাকামুখী লেনে চলেছে ১৪ হাজার ৮৮১টি যানবাহন।  

প্রকৌশলী আহসানুল কবির জানান, মোট দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা  টোল আদায় হয়েছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় এক কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।