বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই আসনের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে গতকাল সোমবার রাত সাড়ে আটটায় সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট, আওয়ামী লীগের টি জামান নিকেতার পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট ও  জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন সাত হাজার ২২১ ভোট।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া- ৬ আসন।

এদিকে নির্বাচনে এই আসনের ১৪১টি ভোট কেন্দ্রের কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রেই ইভিএম মেশিনে ভোটাররা ভোট প্রদান করেছেন। ইভিএম মেশিন নিয়ে আগে থেকে বিভিন্ন প্রশ্ন উঠলেও বগুড়ার ভোটাররা ইভিএম মেশিনে ভোট প্রদান করে খুব খুশি। ভোট দেওয়ার পরে তারা বলেন, এত সহজে ভোট দেওয়া যায় তা ভাবতেই পারিনি।