ইথিওপিয়ায় ব্যর্থ অভ্যুত্থানের নেতা গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার তিনি পুলিশের গুলিতে নিহত হন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। প্রধানমন্ত্রী এসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার
শনিবার আমহারা প্রদেশে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ তেসিজ। সেনাপ্রধান নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নেগুসু তিলাহুন জানিয়েছেন, সোমবার আমহারা প্রদেশের রাজধানী বাহির দারের উপকূলীয় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ। তিলাহুন এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান। রাষ্ট্রীয় মিডিয়া ইবিসি জানিয়েছে, ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার পর থেকে আসামিনিউ পলাতক ছিলেন। কিছু সমর্থকও তার সঙ্গে ছিলেন। এদিকে শনিবারের দুটি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আমহারা প্রদেশের আহত অ্যাটর্নি জেনারেল মিগবারা কেবেডে গতকাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার কারণ এখনো জানা যায়নি। আমহারা প্রদেশের বিশেষ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল তেফারা মামো বলেছেন, অভ্যুত্থান চেষ্টাকারীদের বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন।