পিতা-পুত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

পিতা-পুত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। রিপোর্টার, ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ফুলবাড়ি (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ি-রংপুর মহাসড়কের মধ্যপাড়া বাজার এলাকায় গতকাল বাসের চাপায় পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০) ও তার ছেলে সাবুল রহমান (২৫)।

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের পূর্বপাশে রাস্তা পারাপারের সময় গতকাল মুসলিমউদ্দিন (৫৮) নামে পোশাক কারখানার এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। মুসলিমউদ্দিন রংপুর জেলার বিষ্ণুপুরের।

ফকিরহাট (বাগেরহাট): গতকাল খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি (২২) চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মোল্লাহাটের মাদ্রাসাঘাট বাসস্ট্যান্ডে খুলনা অভিমুখে আসা অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খান শাহাবুদ্দিন (২৮) ঘটনাস্থলেই মারা য়ায়।

কুলাউড়া (মৌলভীবাজার): কুলাউড়ায় গতকাল মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সোলেমান আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার শরিফপুর ইউনিয়নের তেলিবীল গ্রামের।

খুলনা: খুলনা নগরীর ফুলবাড়ীগেটস্থ রেলক্রসিংয়ে গতকাল ট্রাক চাপায় হাসি বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। হাসি বেগম নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জে গতকাল রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আসিরন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে গুয়াগাঁও আল হাসনা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 টেকনাফ (কক্সবাজার): টেকনাফ সড়কে ডাম্পার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের জাফর আলমের (৩৫) চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার নয়াবাজার টেকে এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফতু মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় গতকাল দ্রুতগামী গাড়ি চাপায় অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) এর মৃত্যু হয়েছে।