প্রত্যেক অভিভাবককে তাদের নিজ নিজ সন্তানের ব্যাপারে খোঁজ নিতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, আপনার সন্তান ঘরের ভেতর কী করছে? কোন সাইট ব্রাউজ করছে, কী দেখছে, তার খোঁজ নিন। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে টিফিন টাইমে কী করে তা শিক্ষকদের খোঁজ নেওয়ার দায়িত্ব। সবার সঙ্গে সমন্বয় করা গেলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। কমিশনার মনে করেন, পারিবারিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিকভাবে জঙ্গিবাদ নির্মূল সম্ভব। এক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নাগরিক তথ্য সংগ্রহের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীকে টেকসই নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহ সপ্তাহ পালন করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সারাদেশে যেটি নেই আমরা সেটি করেছি। নতুন করে আরো পাঁচ লাখ নাগরিকের তথ্য ডিএমপির ডাটাবেজে যুক্ত হবে বলে আশা করছি।
পুলিশ সদস্যদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কেউ যদি ব্যক্তিস্বার্থে খারাপ কাজ করে, তাহলে সে দায়ভার আমরা নেব না। পুলিশের মধ্যেও দুয়েকজন খারাপ থাকতে পারে, সেজন্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা ঠিক না।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।