লর্ডসেও জয়ের আশায় অজিরা, ইংলিশদের লক্ষ্য ঘুরে দাঁড়ানো

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আগামীকাল বুধবার (২৮ জুন) লর্ডসে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য অস্ট্রেলিয়ার। অন্যদিকে, প্রথম টেস্টে হারের স্মৃতি ভুলে সিরিজে সমতা চায় ইল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টেস্টটি।

বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে নাটকীয়ভাবে ২ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ২৮১ রানের টার্গেটে এক পর্যায়ে ২২৭ রানে  ৮ উইকেটে হারিয়ে চাপে পড়ে  অজিরা।

তবে পঞ্চম ও শেষ দিনের শেষ ঘন্টায় চমক দেখান অস্ট্রেলিয়ার দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন। নবম উইকেটে ৭২ বলে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয়ের স্বাদ দেন কামিন্স ও লায়ন। কামিন্স ৪৪ ও লায়ন ১৬ রানে অপরাজিত থাকেন।  

এর আগে টেস্টের প্রথম দিনই ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ৩৮৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এতে ২৮১ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের পক্ষে জো রুট অপরাজিত ১১৮ ও অস্ট্রেলিয়ার পক্ষে উসমান খাজা ১৪১ রান করেন। দ্বিতীয় ইনিংসে দু’দলের কোন ব্যাটাররাই সেঞ্চুরি পাননি।

বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লায়ন ৪টি, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড-ওলি রবিনসন ৩টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার কামিন্স-লায়ন ৪টি করে এবং ইংল্যান্ডের ব্রড ৩টি উইকেট নেন।

সিরিজের প্রথম টেস্টের মত দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। ইংল্যান্ডের চাইতে ভালো খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব কিছু নয়। দ্বিতীয় ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলে, টেস্টটি জিততে চাই আমরা।’

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অন্যদিকে বাজবল তত্ত্ব অব্যাহত রেখে প্রথম টেস্টের চেয়ে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চায় ইংল্যান্ড। লর্ডসেই সমতা চায় ইংলিশরা। দলের অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘লর্ডসে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলবো আমরা। এটিই আমাদের মূল পরিকল্পনার প্রথম ধাপ। প্রতিপক্ষকে সমীহ করে খেলতে হবে। তবে নিজেদের ব্র্যান্ড থেকে সরে আসবো না আমরা। জয়ের জন্যই মাঠে নামবো।’

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। লর্ডসে ৩৭বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরমধ্যে মাত্র ৭বার জিতেছে ইংলিশরা। ১৫বার জয় আছে অস্ট্রেলিয়ার। ড্র হয়েছে ১৫টি ম্যাচ।