‘সেঞ্চুরি’র নতুন ইতিহাস গড়লেন লায়ন

প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১০০ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। বুধবার (২৮ জুন) থেকে লর্ডসে শুরু হওয়া  ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই এই রেকর্ড করে ফেলেন লায়ন।

বিশ্বের ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার  তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লায়ন। তবে বিশ্বের প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন এই অজি স্পিনার।

এর আগে দেশের হয়ে টানা ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন- ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এদের সবাই ছিলেন জেনুইন ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লায়নের। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশ্বের অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫০০ উইকেটের মালিক হবেন লায়ন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন সাদা পোশাকে ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার :

অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড)- ১৫৯ ম্যাচ
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)- ১৫৩ ম্যাচ
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)- ১০৭ ম্যাচ
সুনীল গাভাস্কার (ভারত)- ১০৬ ম্যাচ
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ১০১ ম্যাচ
নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ১০০* ম্যাচ