সারা দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের আপামর জনতা পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ছুটে গেছে নিজের পরিবারের কাছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ছুটে এসেছেন নিজ শহর মাগুরাতে।
মাগুরাতেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে এবার ঈদ পালন করতে মাগুরায় গেছে তার স্ত্রী-সন্তানরাও।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮ টায় মাগুরার নোমানী ময়দান ঈদগাহে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সাকিব। এসময় আরও নামাজ আদায় করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মেশিউদ্দোলা রেজা ও পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুল।
নামাজের পর দেশবাশীকে ঈদের শুভেচ্ছা জানান সাকিব। স্থানীয় মুসল্লিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নামাজ শেষে ঈদগাহ ত্যাগ করার সময় ভক্তদের আবদার মিটিয়ে সেলফিও তোলেন সাকিব।
নামাজ শেষে নিজ হাতে পশু কোরবানিও করেছেন সাকিব। ঈদের পরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন সাকিব।