বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৯’ বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গতকাল সোমবার বনানীস্থ নৌ-সদর প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে নৌবাহিনীর কর্মসূচির উদ্বোধন করেন। পরে উক্ত কর্মসূচির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত কর্মসূচি বাস্তবায়নের আওতায় নৌবাহিনীর সকল নৌ-অঞ্চলে বিভিন্ন ধরনের ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির উদ্বোধনের পর নৌবাহিনীর প্রধান বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের নৌ-সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া, তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌ-সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার এবং উল্লেখযোগ্যসংখ্যক সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকগণ উপস্থিত ছিলেন।