আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড়, দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন মহল্লায় এ অভিযান চালানো হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাসের ৭০ জন শ্রমিক অংশ নেন। এলাকাবাসী জানান,  কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ঐ এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঐ এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় অবৈধ সংযোগে ব্যবহূত নিম্নমানের পাইপ, গ্যাসের চুলা ও রাইজারগুলো খুলো নেওয়া হয়।

তিতাস কর্মকর্তা আবু সাদাত্ মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে।

অভিযানকালে তিতাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব বীন আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।