চট্টগ্রামে বাংলাদেশ দল

একমাত্র টেস্টে রেকর্ড ব্যবধানে হেরেই ভারতে চলে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সুযোগে বাংলাদেশ দল পেয়েছিল লম্বা বিরতি। সেই বিরতির সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবার ক্রিকেটে মনোযোগ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকালই ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে গেছেন তামিম ইকবালের ওয়ানডে দল।

অবশ্য অধিনায়ক তামিম গতকাল দলের সঙ্গে ছিলেন না। কারণ, তিনি আগে থেকেই চট্টগ্রামে রয়েছেন। সেখানে নিজ বাড়িতেই ঈদ কাটিয়ে এখন তিনি দলের সঙ্গী হয়েছেন। তামিম না থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রায় দলের সঙ্গী ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরায় নিজ বাড়িতে ঈদ উৎসব শেষে গত পরশু ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেন তিনি।

সাকিব-মুশফিকদের নেতৃত্বে ওয়ানডে দলের ১৩ জন ক্রিকেটার একসঙ্গে চট্টগ্রামে পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ থেকে নেমে পড়বেন অনুশীলনেও। বাংলাদেশ দলের পাশাপাশি আফগানিস্তান দলেরও গতকালই চট্টগ্রামে পৌঁছার কথা ছিল। ভারত থেকে সরাসরি চট্টগ্রামে পা রাখার কথা তাদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৫ জুলাই থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচও হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ৮ ও ১১ জুলাই। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়ার আগে দলের অন্যতম সদস্য পেসার তাসকিন আহমেদ শুনিয়ে গেছেন আশার কথা। বলেছেন, ‘ইনশাআল্লাহ, আশা করছি ভালো একটা সিরিজ হবে। সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশাতেই খেলবে ইনশাআল্লাহ।’ একমাত্র টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ যেন আত্মবিশ্বাসে উড়ছে। আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে আশার ছবি আঁকানোর সময় তাসকিনের কণ্ঠে ছিল তাই বাড়তি উচ্ছ্বাস।

ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই উড়ে যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই, দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এরপর আফগানিস্তান চলে যাবে দেশে।