ওয়েস্ট ইন্ডিজের নতুন ক্রিকেট পরিচালক বাসকম্ব

এক সময়ের ক্রিকেট মাঠে দোর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এবার সুযোগই পেলো না বিশ্বকাপে। ভারতের বিশ্বকাপে দেখা যাবে না ভিভ রিচার্ডস-ক্লাইভ লয়েডদের উত্তরসূরিদের। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ক্যারিবিয়ানরা। মাঠের ক্রিকেটের এমন দুর্দশার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডেও এলো পরিবর্তন। 
 
ওয়েস্ট ইন্ডিজের নতুন ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটসম্যান মাইলস বাসকম্ব। তিন বছরের জন্য জিমি অ্যাডামসের স্থলাভিষিক্ত হলেন বাসকম্ব। এর আগে ছয় বছর ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যাডামস।

গতকাল অ্যান্টিগার বোর্ড পরিচালকদের সভায় বাসকম্বকে দায়িত্ব দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গত দুই বছর উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন বাসকম্ব। তার আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরুষ দলের নির্বাচকও ছিলেন তিনি। ২০১১ সালে দেশের হয়ে মাত্র ১টি টি-টোয়েন্টিতে ৩ রান করেছেন এই ডান হাতি ব্যাটার।

আগামী ১ অগাস্ট থেকে কাজ শুরু করবেন বাসকম্ব। তার আগে অর্ন্তবর্তীকালীন ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করবেন বোর্ডের হাই পারফরম্যান্স ম্যানেজার গ্রায়েম ওয়েস্ট।

ঘরোয়া ক্রিকেটে উইন্ডওয়ার্ড আইল্যান্ড এবং কম্বাইন্ড ক্যাম্পাস ও কলেজের হয়ে খেলেছেন বাসকম্ব। ২৪টি প্রথম শ্রেণির, ২৬টি লিস্ট ‘এ’ ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।