বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। তাকে বিশেষায়িত হাসপাতালে সুচিকিত্সা দিতে হবে। যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে তা জামিনযোগ্য, শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে জামিন দিয়ে আবার নানা উছিলায় ছলচাতুরী করে কারাগারে আটকে রাখা হয়েছে। এটা অমানবিক। তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। গতকাল সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
জিয়ার নাম নিয়ে শিল্পী মমতাজের রসিকতা: বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম নিয়ে রসিকতা করেন। মমতাজ বলেন, আমি মনে করতাম জিয়াউর রহমানের ‘শহীদ’ বুঝি আরেকটা নাম। আমার গানের দলে যে বাঁশি বাজায় ওর নামও শহীদ। যে কারণে আমি ওকে বলতাম ‘জীবিত শহীদ’। সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইঙ্গিত করে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, উনি লন্ডন থেকে ট্রেনিং নিয়ে আসছেন সংসদে যেয়ে সংসদকে অবৈধ বলতে হবে, জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতে হবে। উনারা শেখানো কথাগুলো বলেন, আর সবাই হইচই করেন। বাজেট আলোচনায় বিকল্পধারার মাহী বি চৌধুরী বলেন, নারীরা একটা দিক থেকে পিছিয়ে আছে। তা হচ্ছে- দুর্নীতিতে।