জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল: আইজিপি

আইজিপি ড. জাভেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গি দমনে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে। জঙ্গি সমস্যা শুধু বাংলাদেশের না, বৈশ্বিক একটি সমস্যা। আমরা হয়তো জঙ্গি নির্মূল করতে পারিনি। কিন্তু দমন করে ফেলেছি। তিনি আরো বলেন, মাদক নির্মূল শুধু পুলিশি অভিযানে করা সম্ভব না। তাই মাদক নির্মূলে আমরা বেশকিছু কৌশল নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা। তিনি গতকাল ফরিদপুর জেলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ ও ৪ তলা নারী পুলিশ ব্যারাকসহ বেশ কয়েকটি স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন।

আইজিপি আরো বলেন, মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশের কেউ যদি জড়িত হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ও জঙ্গি বিরোধী র্যালিতে র্যালি শেষে পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক প্রফেসর শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলার ৮৩ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়। তাদের প্রত্যেককে একটি ভ্যান গাড়ি ও মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।