দাবি মেনে নেওয়ার শর্তে হল ছাড়লেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী বছর থেকে ভর্তি পরীক্ষার সময় আবাসিক হল খোলা রাখার শর্তে আন্দোলন প্রত্যাহার করে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শর্ত মেনে নিলে তারা হল ত্যাগ করেন। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে হল সিলগালা করতে আসলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট এবং চারজন সহকারী প্রভোস্টকে অবরুদ্ধ করেন হলের শিক্ষার্থীরা। পরে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। শনিবার আবাসিক হল খোলা রাখার দাবিতে আবারও শহীদ মুখতার ইলাহী হলের সামনে বিক্ষোভ মিছিল করেন আবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদ-উল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আগামী বছর থেকে হল বন্ধ না রাখার দাবি জানিয়েছে। প্রশাসন তাদের দাবি মেনে নিয়েছে। পরে শিক্ষার্থীরা হল ছেড়ে গেছে।