স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদকে জানিয়েছেন, জঙ্গি নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জঙ্গি হামলা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জামিনে মুক্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত ও আটক জঙ্গিদের নিবিড় নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী জানান, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জঙ্গি আস্তানা, জঙ্গিদের অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। জঙ্গি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত/শনাক্তকরণের সুবিধার্থে এলাকাভিত্তিক ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং বিডি পুলিশ হেল্প লাইন, হ্যালো সিটি ও রিপোর্ট টু র্যাব প্রভৃতি অনলাইন অ্যাপস চালু এবং গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনের সফলতা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এমপি মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ মাদক উত্পাদনকারী দেশ না হয়েও মাদক সমস্যার কবলে পড়েছে মূলত ভৌগোলিক কারণে। দেশে অবৈধ মাদক প্রবেশ করে ভারত ও মিয়ানমার থেকে। মাদক ইয়াবা প্রবেশ করছে মিয়ানমার থেকে। ভারত থেকে দেশে গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেকটিং ড্রাগ আসে। ইয়াবার অনুপ্রবেশ বন্ধে টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯ জন জনবল সমন্বয়ে একটি অস্থায়ী সার্কেল স্থাপন করা হয়েছে। কক্সবাজার জেলায় ১০ জন ব্যাটালিয়ন আনসারসহ মোট ১৯ জনবলের একটি টিম মাদকবিরোধী কাজ করছে।
মিয়ানমারের সঙ্গে চতুর্থ দ্বিপক্ষীয় সভা অক্টোবরে : স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০১৮ সালে ১ লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক কারবারির বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা করেছে। এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ৬ হাজার ৬৭১ জন মাদক কারবারির বিরুদ্ধে ৬ হাজার ১৫৬টি মামলা হয়েছে। মাদক সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত মহাপরিচালক পর্যায়ে পাঁচটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক হয়। ষষ্ঠ দ্বিপক্ষীয় সভার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পাচার রোধে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে এ পর্যন্ত তিনটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। চতুর্থ দ্বিপক্ষীয় সভা আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবে।