পাবনা-৩ আসন বিএনপির তিন প্রার্থী নিয়ে সংশয়ে কর্মী-সমর্থকরা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির একাধিক প্রার্থী নিয়ে সংশয়ে রয়েছেন কর্মী ও সমর্থকরা। এই আসন থেকে বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া তিনজন বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা ও বিমান বাহিনীর সাবেক প্রধান ফখরুল আজম রনি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসানুল ইসলাম রাজা। এই চারজনই বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের চারভাগে বিভক্ত করে ফেলেছেন। বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়েই তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনীত করায় নেতা-কর্মী ও সমর্থকরা সংশয়ে পড়েছেন। কে হচ্ছেন বিএনপির প্রার্থী ? এ প্রশ্ন সবার কাছে।

চাটমোহর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৃহত্ উপজেলা চাটমোহর থেকে প্রার্থীর। আওয়ামী লীগ ইতোমধ্যে ছোট উপজেলা ভাঙ্গুড়া থেকে দলীয় প্রার্থী দিয়েছে। এতে চাটমোহরবাসী হতাশা ব্যক্ত করেছেন। বিএনপি থেকে চাটমোহরের প্রার্থী হবে-এমনটা আশা এখন চাটমোহরবাসীর। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে। বিএনপির প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি হাসানুল ইসলাম রাজাও নির্বাচনে থেকে যান, তাহলে ভোটের হিসেব পাল্টে যাবে। সুবিধাজনক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত আওয়ামী লীগ সবদিক থেকেই এগিয়ে।