রাজধানীর নতুন জুরাইন কে এম মাঈনুদ্দীন উচ্চ বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সকালে ধর্ষক বাদশাহকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মানববন্ধন করে বিক্ষোভ করে। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।
শিশুটির বাবা জানান, পরিবার নিয়ে নতুন জুরাইনের একটি বাড়ির দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। ওই বাড়ির তৃতীয় তলায় ধর্ষক বাদশাহর স্ত্রী আঁখি বেগমের কাছে তার মেয়ে প্রাইভেট পড়তো। এপ্রিল থেকে আমার মেয়েকে ধর্ষণ করে আসছিল বাদশাহ। গত শনিবার শিশুটির রক্তক্ষরণ হলে তাদের সন্দেহ হয়। পরে মেয়ের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে সব স্বীকার করে। এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব আলম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি জানার পর থেকে ধর্ষক বাদশাহ পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।