হাথুরুর ‘পরখ’ চলবে আফগান সিরিজেও

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই বড় দুটি টুর্নামেন্টকে সামনে রেখে অন্যদের মতো বাংলাদেশও নিজেদের প্রস্তুতিটা সেরে নিতে ব্যস্ত। প্রস্তুতি সারার এই পর্বে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে হাঁটছেন ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষা করার পথে। যদিও বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ ‘পরীক্ষা-নিরীক্ষা’ শব্দ যুগল ব্যবহার করতে চাননি। তার দাবি, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তিনি ক্রিকেটারদের ‘দেখে’ নিচ্ছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপে প্রতিটা পজিশনেই বিকল্প থাকে, সেজন্যই অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখছেন। তো হাথুরু এই ‘পরখ’ কর্ম চালিয়ে যাবেন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও।

বাংলাদেশ দল, সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজই খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, নিজেদের ঘরের মাঠে এবং ইংল্যান্ডে গিয়ে। তো আইরিশদের বিপক্ষে ঐ দুটি সিরিজেই ঘুরিয়ে ফিরিয়ে একাদশ সাজিয়েছেন কোচ হাথুরু। দলে ডাক পাওয়া প্রায় প্রত্যেকেই ম্যাচ খেলোয়াড় সুযোগ দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সেই নীতিতেই চলতে চাইছেন হাথুরু।

আগামী ৬ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে গত দুইদিন পূর্ণ অনুশীলন করেছে বাংলাদেশ দল। গতকাল দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন কোচ হাথুরুসিংহে। সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন, এই সিরিজেও দলের সব ক্রিকেটারকেই বাজিয়ে দেখার কথা, ‘হ্যাঁ, আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে তার মানে কিন্তু এই নয় যে, আমরা পরীক্ষানিরীক্ষা করছি। আসলে আমরা কোচিং গ্রুপের সদস্যরা ও নির্বাচকরা জানি যে আমরা কী করতে চাই। আমরা এটাও জানি যে, কোন ক্রিকেটারের কোন দিকে নজর দিতে হবে।’

কেন এই বাজিয়ে দেখা, সেটাও স্পষ্ট করেছেন হাথুরু, ‘আমরা চাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে চোট বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দিতে আমাদের দলে যেন গভীরতা থাকে। এটা মাথায় রেখেই আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাচ্ছি।’