‘ভাত বেশি খাওয়ায়’ গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে নির্যাতনের অভিযোগ

সিলেটে এক নার্স দম্পতির বিরুদ্ধে ভাত বেশি খাওয়ায় গৃহকর্মীকে রান্নার কাজে ব্যবহৃত স্টিলের খুন্তি আগুনে গরম করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) নগরীর কোতোয়ালি থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্তরা হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহা (৩৫), তার স্বামী পলাশ মিয়া (৩৫) ও বোন রেহেনা আক্তার রুমি (২৪)। 

জানা যায়, ভুক্তভোগীর বাড়ি ও নার্স সাবিহার বাবার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার চৈলাখেল গ্রামে। সেই সুবাদে জান্নাতকে সাবিহা তার বাসায় গত বছরের জানুয়ারি থেকে মাসিক ১৫০০ টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজে নেন। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকেই ভুক্তভোগীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। ভাত বেশি খাওয়াসহ বিভিন্ন অজুহাতে ওই গৃহকর্মীকে নার্স সাবিহা, তার স্বামী পলাশ এবং বোন রুমি বেধড়ক মারধর করতো। এমনকি রান্নার কাজে ব্যবহৃত স্টিলের খুন্তি আগুনে গরম করে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে নির্যাতন করা হত। এসব বিষয় পরিবারকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন অভিযুক্ত নার্স দম্পতি। তাই এতদিন ভুক্তভোগী মুখ খুলেনি।

দীর্ঘ দেড় বছরে একবারও ভুক্তভোগীকে বাবার বাড়ি যেতে দেয়নি। এবার ঈদুল আযহায় অভিযুক্ত নার্স সাবিহা তার বাবার বাড়ি বেড়াতে যায়। সেখানে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে গিয়ে এক ফাঁকে ভুক্তভোগী তার বাবার বাড়ি গেলে শরীরে আঘাতের চিহ্ন পরিবারের লোকজনের চোখে পড়ে। এ সময় ভুক্তভোগী নির্যাতনের কথা খুলে বলে। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গৃহকর্মীকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।