টাইগারদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরেছে আফগানিস্তান। তবে ঐ দলে ছিল না আফগানদের বোলিংয়ের মূল অস্ত্র রশিদ খানসহ গুরুত্বপূর্ণ অনেকে। এবার তাদের দলে যুক্ত করেই চট্টগ্রামে লাল-সবুজদের বিপক্ষে খেলতে নামবে সফরকারীরা। লক্ষ্য একটাই জয় চাই তাদের। কেননা ওয়ানডে ফরম্যাটে দুই দলের সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টিতেই। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামেই দুই দলের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। সেই চট্টগ্রামেই আবার তিন ম্যাচের সিরিজ তাই সফরকারীদের সামনে সুযোগ আগের বারের জবাব দেওয়ার।
আজ বেলা ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এর আগে গতকাল ম্যাচের আগে শেষ বারের মতো অনুশীলনে ব্যস্ত সময় কাটায় সফরকারীরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। এ সময় তিনি জানান, এখানে ভালো খেলতে ও জিততেই এসেছেন তারা।
ঘরের মাটিতে বাংলাদেশ দল অপ্রতিরোধ্য। নিজেদের মাঠে বড় বড় দলদের নিয়েও ছেলেখেলা করেন টাইগাররা। আর তা সকলেই জানে। তবে সফরকারীরাও রয়েছেন দারুণ ছন্দে। ২০২১ সালের শুরু থেকে ১৮ ওয়ানডে খেলে ১২টি জিতেছে আফগানরা। এছাড়া গেল ৭ মাসের মধ্যে তারা শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে জিতেছে দুটি ওয়ানডে। আর তাই আফগান অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী ভালো কিছু করার জন্য।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরাও তো এখানে খেলতে ও জিততেই এসেছি! শুধু তাদেরই (বাংলাদেশ) সিরিজ নয় এটা। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এখানো ভালো খেলতে ও জিততে এসেছি। গত দুই বছরে আমরাও ভালো করেছি।’
আফগান অধিনায়ক আরো যোগ করেন, ‘ওয়ানডে আমরা অনেক দিন ধরেই খেলছি। বিশেষ করে গত দুই বছর অনেক ভালো খেলছি। আমরা দলটা গড়ে তুলেছি এবং কাজ এখনো চলছে। প্রতিটি ম্যাচ ধরে আমরা উন্নতি করছি। ওয়ানডে তাই আমরা ভালো দল।’
এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে প্রশ্ন করে টাইগারদের রুখে দিতে কোনো এক খেলোয়াড়কে নিয়ে তারা বিশেষ কোনো পরিকল্পনা করছে কিনা। এর জবাবে হাসমতউল্লাহ বলেন, ‘আমরা কোনো এক ব্যক্তি নিয়ে চিন্তা করছি না। আমরা দলের বিপক্ষে খেলব। ফলে সাকিব-শান্তদের নিয়ে না ভেবে আমরা অবশ্যই দল নিয়ে ভাবছি। যেমনটা সব দলের বিপক্ষেই করে থাকি। এশিয়া কাপ ও বিশ্বকাপ; দুই জায়গাতেই আমরা প্রথম ম্যাচে মুখোমুখি হবো। সে কারণে এই সিরিজে যারা জিতবে তারা ঐ ম্যাচগুলোর জন্য এগিয়ে থাকবে। আমরাও সেটাই ভাবছি যেন বিশ্বকাপ বা এশিয়া কাপের জন্য এগিয়ে থাকতে পারি।’