জামদানি, মানুষ ও স্থানের গল্প নিয়ে ঢাকায় ভিন্নধর্মী এক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে 'দ্য বিল্ডিং-ল্যান্ডস্কেপস-কালচার (বিএলসি) ফিল্ড স্কুল'। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন মিলওয়াকি-তে পিএইচিডি গবেষণারত স্থপতি দিলরুবা ফেরদৌস শুভ্রা দেশে এই উদ্যোগ নিয়েছেন।
দশদিনব্যাপী এই কর্মশালায় থাকবে হাতেকলমে প্রশিক্ষণ, ফিল্ড ট্রিপ, ম্যাপিং, জামদানি হাট ঘুরে দেখা এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রাম্য, রিভাইভাল, কনটেক্সট বিডি, সেবা, এথোস এবং হালফ্যাশন। মূলত স্থাপত্য, চারুকলা বা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামদানি গ্রামখ্যাত বরগাঁওয়ে এই কর্মশালার একটি বড় অংশ অনুষ্ঠিত হবে। দিলরুবা ফেরদৌস শুভ্রা জানিয়েছেন, তৃণমূলের মানুষের সঙ্গে তরুণ স্থপতি বা সৃজনশীল পেশাজীবীদের সম্পৃক্ততা তৈরি করা এই কর্মশালার মূল লক্ষ্য। একটি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে মিশে তাদের জীবনাচার বোঝা, তাদের নিজস্ব স্থাপনার ধরন সম্পর্কে জানা, সাংস্কৃতিক ইতিহাস সংগ্রহ ও পর্যালোচনা করার মাধ্যমে সেই সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে এই উদ্যোগ।
স্থপতি শুভ্রা জানান, আগামী ১০ জুলাই রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রেনিং ও লেকচার সেশন শুরু হবে। জুলাইয়ের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত বরগাঁওয়ে হবে ফিল্ড ওয়ার্ক। সেখান থেকে তুলে আনা গল্পগুলো তুলে ধরা হবে ছবি, ভিডিও, স্কেচ ও পোস্টারের মাধ্যমে। এ নিয়ে ১৯ জুলাই শিল্পকলা একাডেমিতে একটি প্রদর্শনী শুরু হবে। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এই আয়োজনের তত্ত্বাবধানে থাকবে।
তিনি আরও বলেন, শীতলক্ষ্যার তীরে শত বছর ধরে সূক্ষ্ম মসলিন বস্ত্র ও জামদানি তৈরি হয়েছে। ঢাকাই মসলিন এবং পরে জামদানির উৎপাদন সবসময়ই এই এলাকার বসতি স্থাপনের ধরনকে প্রভাবিত করার অন্যতম প্রধান কারণ। অথচ এখন নানা কারণে আমরা দিন দিন ঐতিহ্য ও গৌরব হারাচ্ছি। তাছাড়া তাঁতিদের ঘর ও জামদানির অবস্থাও ভালো নয়। ফিল্ড স্কুলের এই উদ্যোগ জামদানি তৈরির তাঁতীদের ইতিহাস, তাদের নিজস্ব বসতির ধাচ ও পথপরিক্রমা লিপিবদ্ধ করবে।
[কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই লিঙ্কে। ৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে blcfieldschoolbd@gmail.com ঠিকানায় ই-মেইল করুন।]