ক্যাম্পে অস্ত্র ও গুলি ‘সরবরাহকালে’ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহকালে ফরিদ আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। উখিয়া থানার ওসি শেখ মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন

আটক ফরিদ আলম (১৮) ক্যাম্প-৩ এলাকার ব্লক এ/১৪ এর দুদু মিয়ার ছেলে।

ওসি শেখ মো. আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে উখিয়ার বিভিন্ন স্পটে অভিযান চালানো হয়। এ সময় ফলিয়াপাড়া রাস্তার মাথায় তল্লাশি চালিয়ে অস্ত্র এবং ২১ রাউন্ড গুলিসহ ফরিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানিয়েছে, চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।

ওসি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগেও একইভাবে অস্ত্র সরবরাহকালে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।