গুলিবিদ্ধ হাতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো লোকালয়ে, ঢিল ছুঁড়ে তাড়ালো গ্রামবাসী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:১৭

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন হাতিটিকে ঘর থেকে বের করে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। পরে প্রায় দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টার পর হাতিটিকে সেই ঘর থেকে বের করে বনের কাছাকাছি নিয়ে আসেন বন বিভাগের কর্মীরা। এসময় বন বিভাগের উপস্থিতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সেই হাতিটিকে ঢিল ছুঁড়েন গ্রামবাসী। হাতিটিকে তাড়াতে আগুন জ্বালিয়ে ভয়ও দেখানো হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে গুলিবিদ্ধ ও আহত বন্যহাতিটি আবারও লোকালয়ে ফিরে আসে। হাতিটি ওই বাড়িতে অবস্থান করলে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুঁড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে নভেম্বরের মাঝামাঝি সময়ে দুটি বন্যহাতিকে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন স্থানীয়রা। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনের ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গত ১৮ নভেম্বর হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।

মূলত সেদিন সকাল থেকেই বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালান। পরে হাতিটির সন্ধান পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। পরে হাতিটি বনে ফিরে যায়। 

সর্বশেষ শনিবার সকালে হাতিটি আবারও লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়ে। এসময় পায়ে আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছিল না। মানুষের তাড়া খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের কাছাকাছি চলে যায়। বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান।

শনিবার সন্ধ্যায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হাতিটি এখনও পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করেছেন। 

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় আমরা তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাতিটি দেখে আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

ইত্তেফাক/এপি