যমুনায় পানি বেড়ে সিরাজগঞ্জের কাজিপুর ‘সলিড স্পার’ বাঁধের ৩০ মিটার এলাকা ধসে পড়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ জুলাই) সকালে যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় এ ধস দেখা দেয়।
কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বাড়ছে। ফলে শুক্রবার সকাল থেকে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পারের ৩০-৪০ মিটার নদীগর্ভে চলে যায়। স্পারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।
স্থানীয়রা জানান, এ বাঁধ পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
কাজিপুর উপজেলার ইউএনও (ভারপ্রাপ্ত) কাজী অনিক ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান স্পার ধসে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করেছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী (পাউবো) প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। আপাতত জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।
এর আগে ১৯৯৭ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়। শুক্রবার সেই অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হলো।