সরকারি মালামাল নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ 

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত সরকারি মালামাল বণ্টন নিয়ে বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত মালামাল বণ্টনের বিষয় নিয়ে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মালের সঙ্গে ইউপি সদস্য আ. রাজ্জাকসহ বেশ কয়েকজন ইউপি সদস্যের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।