প্রাইমারি স্কুলে ক্লাস চলাকালে খুলে পড়লো ফ্যান, দুই শিক্ষার্থী আহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে খুলে পড়েছে সিলিং ফ্যান। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে। এতে দ্বিতীয় শ্রেণির ছাত্র আহত আমির হামজা এবং অর্ককে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে উপর থেকে চলন্ত ফ্যান খুলে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজার নাকে এবং চোখে আঘাত লাগে। তাছাড়া আহত অন্য শিক্ষার্থী অর্কের আঘাতের তুলমানমূলক কম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, আমাদের বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় থাকায় বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। এর আগে কোনো রকমে একটু মেরামত হলেও তা তেমন কোনো কাজে আসেনি। ঝুঁকি নিয়েই আমাদের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস নিতে হয়। 

শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসের জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে তোলা প্রয়োজন।

আরেক শিক্ষক লুৎফর রহমান জানান, এই ভবনটা জরাজীর্ণ দীর্ঘদিনের। বিগত প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদন দিয়েছি, এই ভবনটি মেরামতের জন্য। মেরামত না হলে আবার যে কোনো সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আজকের বিষয়টিও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আজকের ঘটনা খুবই দুঃখজনক। তবে এর আগে দুইবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট এসেছিল। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে সে টাকাটা আবার ফেরত চলে গেছে। বিদ্যালয়ের  ভেতরে বন্যার্তদের জন্য একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। জায়গাটা প্রাইমারি এবং হাই স্কুলের যৌথ। এখানে তিনটা রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য ব্যবহার করার কথা ছিল। কিন্তু সেটা হাই স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে দিচ্ছেন না। আমরা এ বিষয়টা নিয়ে বসে ওই ভবনে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে, আমরা সেদিক উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও আমার আজ কথা হয়েছে।

ইত্তেফাক/এপি