গোপালপুরে শীতবস্ত্র বিতরণ
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গোপালপুরে যমুনা নদীর ভাঙন এলাকায় শনিবার ইয়াপ ফাউন্ডেশনের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হেমনগর ইউনিয়নের শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ কামাল, ভাইস প্রেসিডেন্ট এম.ই. মোর্শেদ শাকিল, সদস্য চারু উত্তম বড়ুয়া, সাধারণ সম্পাদক রাকায়েত হোসেন মজুমদার, মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না ও সুজনের উপজেলা সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাক্ষাত্কার ৩ ও ৪ ডিসেম্বর
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধা তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার আগামী ৩ ও ৪ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই এর পর ভর্তি করানো হবে। কোটা তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার এএল, এপি ও বি ইউনিটের ১৭ ডিসেম্বর, সি ইউনিটের ১৮ ডিসেম্বর এবং ডি ইউনিটের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কেন্দুয়ায় রাতব্যাপী লালন সংগীতানুষ্ঠান
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা ‘গুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে’ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ফকির লালন শাহ’র এই বাণীকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত শুক্রবার রাতব্যাপী লালন সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। গুরু পদার্পণ দিবস উপলক্ষে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের আব্দুল হালিম চিশতীর বাড়িতে কুষ্টিয়া সদর আশ্রমে লালন চর্চা কেন্দ্রের ভক্তবৃন্দ এ সংগীতানুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ঝংকার শিল্পীগোষ্ঠী, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সহযোগিতায় অনুষ্ঠিত লালন সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকার সভাপতি বীরোচিত মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালন ভক্ত আব্দুল হালিম চিশতী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আশ্রমে লালন চর্চা কেন্দ্রের ভক্ত মোহাম্মদ তৌহিদ ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জীবন।
বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সে
বিনামূল্যে চিকিত্সা প্রদান
নরসিংদী প্রতিনিধি রায়পুরার বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সে শনিবার নাক-কান-গলা, চক্ষু ও ডায়াবেটিক রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা প্রদান এবং চিকিত্সা শেষে ওষুধ বিতরণ করা হয়। ১৮০ জনের চোখের ছানী অপারেশনসহ দুই হাজার চক্ষু রোগী, পনের শত নাক-কান-গলা রোগী এবং দুই হাজার ডায়াবেটিক রোগীর চিকিত্সা প্রদান করা হয়। মাদ্রাসা সভাপতি মোঃ শওকত আলী,নরসিংদী ডায়াবেটিক সমিতির সম্পাদক মোঃ নুরুল আমীন ও শিল্পপতি মোঃ রুহুল আমীনের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল ও নাক-কান-গলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক(ডাঃ) মোহাম্মদ আব্দুল্লাহ’র সহযোগিতায় এবারও এই ক্যাম্প পরিচালনা করা হয়। চক্ষু চিকিত্সায় ছিলেন ডা: জসীম উদ্দিন। এ সময় আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন খান,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
নড়াইলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার শহরের বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ।
নোয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থী মফিজুর
রহমান সমর্থকদের মিছিল ও সভা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমানের সমর্থকরা গতকাল শনিবার মৌন মিছিল ও প্রতিবাদ সভা করে। কাজী মফিজুর রহমান সমর্থিত উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে সেনবাগ উপজেলা সদরসহ উপজেলার সেবারহাট, ফকিরহাট, কানকিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ নেয়। তারা এসময় নোয়াখালী-২ আসনে বিএনপির পক্ষ থেকে আলহাজ কাজী মফিজুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। একই সাথে এ আসনে অন্য কাউকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি করেন তারা। সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মফিজুল ইসলামের নেতৃত্বে বিশাল মৌন মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পৌর শহরের শহীদ মিনার চত্বরে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় ভিপি মফিজুল ইসলাম, ফারুক বাবুল, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাগেরহাটে শেখ তন্ময়ের মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, দেশ-বিদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও প্রকৃত শিষ্টাচার শিক্ষা আমি পরিবারের কাছ থেকে পেয়েছি। তাই আমি বড়দের সম্মান করি আর ছোটদের ভালবাসি। বঙ্গবন্ধু সারাটি জীবন মানুষের জন্য কাজ করে গেছেন আমিও সারা জীবন মানুষ তথা দেশের জন্য কাজ করে যেতে চাই। শনিবার বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা কৃষকলীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, অ্যাড. ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সীতা রানী দেবনাথ প্রমুখ। মতবিনিময় সভায় কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গলাচিপায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এস এম শাহজাদা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন ও সহসভাপতি কাশিনাথ দত্ত। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহসভাপতি মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এস এম শাহজাদা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্র মুক্ত করে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ আসনে নৌকাকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বড়াইগ্রামে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে প্রেমের স্বীকৃতি না পেয়ে শিরিনা খাতুন নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বর্ণী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন বর্ণী গ্রামের জইম উদ্দিনের মেয়ে এবং পাবনা এডওয়ার্ড কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। নিহতের বড় বোন বিলকিস খাতুন জানান, প্রায় আড়াই বছর আগে সেলিনা খাতুন পার্শ্ববর্তী কুশমাইল গ্রামের সিরন মোল্লার ছেলে সার ব্যবসায়ী রেজাউল করিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সমপ্রতি বিষয়টি জানাজানি হলে শিরিনা বিয়ের জন্য রেজাউলকে চাপ দেয়। কিন্তু রেজাউল সময়ক্ষেপণের এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে শিরিনা মানসিকভাবে ভেঙে পড়ে একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কাঁঠালিয়ায় শীতবস্ত্র বিতরণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির কাঁঠালিয়া মরিয়ম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভা গতকাল শনিবার স্থানীয় বান্দাঘাটা বাজারে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আ. মালেক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. মনিরুজ্জামান সিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. ছগীর হোসেন, সমাজ সেবক মো. আ. রাজ্জাক আকন, হাফেজ আব্বাস বাবুল। বক্তব্য রাখেন সার্জেন্ট (অবঃ) মো. ফোরকান, সংস্থার পরিচালক মোসতাক আহমেদ শামীম, মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. মাসুম বিল্লাহ প্রমুখ। সভাশেষে শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রয়াত দুই
সদস্যের স্মরণে স্মরণসভা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ দুই সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অ্যাডভোকেট সাদির উদ্দিন আহমেদ এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আল আজাদের মৃত্যুতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে গত শুক্রবার সন্ধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত দুই সদস্যের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রবীণ চিকিত্সক ক্লাব সদস্য ডাঃ এম এ হামিদ খান, প্রবীণ শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক এম ফখরুল হক, এম মুখলেছুর রহমান খান, একেএম আব্দুল্লাহ এবং আলপনা বেগম।
চাঁদপুর আওয়ামী লীগের বর্ধিত সভা
চাঁদপুর প্রতিনিধি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরসহ প্রতিটি উপজেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
খুলনা-৬ আসনে বহিরাগত
প্রার্থী প্রত্যাহারের দাবি
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা-৬ আসনে বহিরাগত প্রার্থী শফিকুল ইসলাম মধুর দলীয় মনোনয়ন প্রত্যাহার করে স্থানীয় জনপ্রিয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন চূড়ান্ত করে মহাজোটের একক প্রার্থী ঘোষণার দাবী জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেন নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলা ও পৌর জাপার নেতৃবৃন্দ। জাপার দলীয় কার্যালয়ে উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহ্বায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর এলাকার একজন জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন এলাকার উন্নয়নে আন্দোলন সংগ্রাম ও সাধারণ মানুষের পাশে থেকে জনসেবা করে আসছেন। তিনি দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পার্টির চেয়ারম্যানের নির্দেশে তখন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। সেই থেকে অদ্যবধি তিনি দলীয় একক প্রার্থী হিসাবে এলাকায় কাজ করে যাচ্ছেন। এমতাবস্থায় জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুকে দলীয় মনোনয়ন দেওয়া অত্যন্ত দুঃখজনক। প্রকৃতপক্ষে শফিকুল ইসলাম মধুর জন্মস্থান বরিশালে। জাপানেতা সামছুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুল ইসলাম মধুর মনোনয়ন প্রত্যাহার করে গ্রহণযোগ্য প্রার্থী হিসাবে মোস্তফা কামাল জাহাঙ্গীরের দলীয় মনোনয়ন চূড়ান্ত করার দাবি জানান। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কটিয়াদীতে নির্বাচনী প্রস্তুতি সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ বলেছেন, আমি জনগণের সেবক হিসাবে এলাকাবাসীর ভাগ্যের পরিবর্তন ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার কোনো পুলিশ প্রটেকশনের প্রয়োজন নেই। বরং আমিই চৌকিদার হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীকে পাহারা দিয়ে রাখবো। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। তিনি শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহের উদ্যাগে দুই সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন প্রমুখ।
গোপালগঞ্জ বিএনপি সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সিরাজুল ইসলাম সিরাজের দল বিরোধী কার্যকলাপ, এলাকায় না আসা, নেতা-কর্মীদের বিপদে কোনো প্রকার খোঁজ-খবর না নেওয়া, দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ না করে গোপনে নিজ কর্মচারীর মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শুক্রবার গোপালগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শরীফ রাফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবির দারা, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা জাসাসের সভাপতি অ্যাড. ইমন কবির, সাধারণ সম্পাদক এসএম মাহামুদ প্রমুখ বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলী বলেন, নিষ্ক্রীয় জেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জরুরি যৌথ সভার রেজুলেশনের ফটোকপি পাঠানো হয়েছে।
রাজৈরে নির্বাচনে করণীয় শীর্ষক সভা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা মাদারীপুরের রাজৈরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক সভা শনিবার পৌর আওয়ামী লীগের উদ্যোগে রাজৈর বাজার বেপারীপাড়া মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মাদারীপুর-২ (মাদারীপুর সদর একাংশ-রাজৈর) আসনে নির্বাচনের প্রস্তুতি ও করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম,এ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী প্রমুখ।