রবিঠাকুর হয়ে আসছেন অনুপম খের

বলিউড অভিনেতা অনুপম খের সবসময়ই ভিন্নধর্মী অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে থাকেন। তবে তার ক্যারিয়ারের ‘বিশেষ’ কাজটি হয়তো তিনি এবার করতে চলেছেন। আর তা জানান দিতেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চমক দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে একটি ভিডিও পোস্ট করে। যেখানে তিনি পাকা চুল-দাড়িতে দাঁড়িয়ে রয়েছেন একেবারে রবিঠাকুরের মত। তার পরনে রয়েছে রবীন্দ্রনাথের মতো পোশাক। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কবিগুরুর বেশে হাজির হলেন অনুপম খের। আর তাকে এই বেশে দেখে অবাক নেটদুনিয়া। তবে সকলের বিষ্ময় দূর করে অনুপম খের জানিয়েছেন, তার আসছে সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন তিনি। অনুপমের লেখায়, ‘এটা আমার ৫৩৮ তম কাজ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’

জানা যায়, কয়েক মাস আগে শান্তিনিকেতনে এসেছিলেন অনুপম। বোলপুর থেকে শেয়ার করেছিলেন নানা ভিডিও ও ছবি। সেখানে দেখা গিয়েছিল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইতে। তখনই ইঙ্গিত দিয়েছিলেন এই সিনেমার।

আপাতত পরিচালক,অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অনুপম খের। এতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’ সিনেমাতেও থাকছেন অনুপম খের।